স্বাস্থ্যখাতের সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী
শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৭:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর চিকিৎসাসেবা সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীকেন্দ্রিক চিকিৎসার চাপ কমিয়ে দেশের সব অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি যোগ দেন।
অনুষ্ঠানের শুরুতে চিকিৎসকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় চিকিৎসকেরা দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা, চিকিৎসাসেবার চ্যালেঞ্জ এবং চলমান বিষয়গুলো তুলে ধরেন। জবাবে প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের পরিকল্পনা ও ভবিষ্যৎ উদ্যোগের কথা জানান।
তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলা হাসপাতালগুলোর অবকাঠামো, জনবল ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে রাজধানীতে চিকিৎসাসেবার অতিরিক্ত চাপ কমাতে চিকিৎসকদের শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এর আগে শনিবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
১১৭ বার পড়া হয়েছে