জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ বিএসএফ
শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে দুই নারীসহ তিন নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় গ্রামবাসীদের কঠোর প্রতিরোধে বিএসএফের এই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে সীমান্তের শূন্যরেখায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে।
জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের ২৭৫/৮ এস সাব-পিলার এলাকা দিয়ে শনিবার ভোর ৪টার দিকে এ অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়। বিএসএফের সদস্যরা লাইটপোস্টের আলো নিভিয়ে দিয়ে জোরপূর্বক একজন বৃদ্ধ ও দুই নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে।
সীমান্তে প্রহরারত স্থানীয় গ্রামবাসীরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তাদের আটকে দেয় এবং বিজিবিকে খবর পাঠায়। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয় এবং অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করে দেয়।
আটককৃতদের মধ্যে ৬৫ বছর বয়সী বৃদ্ধ হাফিজুর রহমানের বাড়ি নড়াইল জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাঁর সঙ্গে থাকা অপর দুই নারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে তারা বিজিবি হেফাজতে সীমান্তের শূন্যরেখায় (নো-ম্যানস ল্যান্ড) অবস্থান করছেন।
স্থানীয় ধলাহার ইউনিয়ন পরিষদের সদস্য সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতে গ্রামবাসীরা একতাবদ্ধ হয়ে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে এবং অনুপ্রবেশচেষ্টার শিকার ব্যক্তিদের ভারতে ফেরত পাঠাতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
১২৯ বার পড়া হয়েছে