কুলিয়ারচরে কাবাডি খেলার বিরোধে কিশোর নিহত, তদন্তে পুলিশ
শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কাবাডি খেলা নিয়ে কয়েক দিন আগের বিরোধের জেরে এক কিশোরকে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে।
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বুধাইবাড়ি গ্রামে কাবাডি খেলার বিরোধকে কেন্দ্র করে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল মিয়া (১৮) লক্ষ্মীপুর বুধাইবাড়ি গ্রামের বাসিন্দা এবং কুদ্দুছ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে লক্ষ্মীপুর বুধাইবাড়ি ও পার্শ্ববর্তী বড়চরা গ্রামের কয়েকজন কিশোরের মধ্যে কাবাডি খেলা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, সেই ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যায় জুয়েল মিয়াকে একা পেয়ে বড়চরা গ্রামের কয়েকজন কিশোর মারধর করে।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জুয়েলকে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১৩৬ বার পড়া হয়েছে