রাজশাহীতে অনুমোদনহীন কেক উৎপাদন প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও নন-ফুডগ্রেড উপাদান ব্যবহারের বিষয়টি উঠে আসে।
রাজশাহী মহানগরীর কুমারপাড়া আলুপট্টি এলাকায় ‘কেক ব্রাইট’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) গ্রহণ না করেই ‘ডেকোরেটেড কেক’ বা জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রি করছিল। অভিযানে কেক তৈরির পরিবেশ অস্বাস্থ্যকর এবং উৎপাদনে নন-ফুডগ্রেড উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য প্রতিরোধ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলে জানিয়েছে বিএসটিআই রাজশাহী।
১২০ বার পড়া হয়েছে