দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে বাড়ি ফেরার পথে গুলি করে হত্যা, আহত ৫ বছরের মেয়ে
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৪:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে স্থানীয় দুর্বৃত্তরা। এই হামলায় নিহতের পাঁচ বছর বয়সী কন্যাসন্তান ফারহানাও গুরুতর আহত হয়েছে।
নিহত ব্যবসায়ীর নাম মো. ইয়াছিন (৪০)। তিনি নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মো. সুজায়েত উল্যার ছেলে। জানা গেছে, গত ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় স্থায়ীভাবে বসবাস ও ব্যবসা পরিচালনা করে আসছিলেন ইয়াছিন। মাত্র এক বছর আগে তিনি তার স্ত্রী ও সন্তানদের নোয়াখালী থেকে নিজের কাছে নিয়ে যান।
নিহতের ভাই মো. নাসির জানান, ঘটনার দিন সন্ধ্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সপরিবারে বাসায় ফিরছিলেন ইয়াছিন। বাড়ির মূল ফটকের সামনে পৌঁছানোমাত্রই ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং পাশে থাকা তার ছোট মেয়ে ফারহানা গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রবাসী ইয়াছিনের মর্মান্তিক মৃত্যুর খবর তারা জানতে পেরেছেন। নিহতের পরিবারের খোঁজখবর নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া ও সার্বিক সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে।
১১৬ বার পড়া হয়েছে