নরসিংদীতে গ্রীন লাইফ হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা, এক্স-রে কক্ষ সিলগালা
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ২:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদী শহরের পুরাতন কান্দাপাড়া এলাকার ‘গ্রীন লাইফ (প্রাঃ) হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে’ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রয়োজনীয় লাইসেন্স নবায়ন না থাকা এবং বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতালটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানটির এক্স-রে কক্ষ সিলগালাসহ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সমস্ত অসংগতি দূর করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। অভিযানে মডেল থানা পুলিশ ও স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সহযোগিতা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হাসপাতালটি দীর্ঘদিন ধরে কোনো বৈধ ও নবায়িত লাইসেন্স ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযান চলাকালে চিকিৎসার মান ও হাসপাতাল ব্যবস্থাপনায় চরম অসংগতি ও নোংরা পরিবেশ দেখতে পান ম্যাজিস্ট্রেট। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে নগদ অর্থদণ্ড করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করা নরসিংদী সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খলিল কায়সার খোকন জানান, হাসপাতালটির এক্স-রে কক্ষের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিপূর্ণ থাকায় সেটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে সকল ত্রুটি সংশোধনের জন্য হাসপাতালের কর্মকর্তাদের কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়েছে।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা এবং প্যাথলজি বিভাগের প্রতিনিধিরা এই অভিযানে উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং স্বাস্থ্য খাতের অনিয়ম রোধে জেলাজুড়ে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১১৪ বার পড়া হয়েছে