গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বুধবার, ৮ জুলাই, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নানা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বা রজতজয়ন্তী উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে দিনভর শোভাযাত্রা, কেক কাটা ও বিশেষ আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্যাম্পাস জুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। উদ্বোধনী পর্ব শেষে প্রশাসনিক ভবন থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন বিভাগের প্রশাসনিক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন। বর্ণিল এই শোভাযাত্রা শেষে ক্যাম্পাসে ২৫ পাউন্ড ওজনের একটি কেক কেটে রজতজয়ন্তী উদযাপনের মূল আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনে দৃষ্টিনন্দন আলোকসজ্জাও করা হয়েছে।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের টেনিস কোর্টে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মানবিকী অনুষদের ডিন সুকান্ত বিশ্বাস, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল এবং রেজিস্ট্রার মো. এনামউজ্জামান সভায় বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, শিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে এই বিদ্যাপীঠকে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, অবকাঠামোগত সীমাবদ্ধতা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বাড়াতে নানান কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও মেধা পদক প্রদান, নতুন ডিনস কমপ্লেক্স চালু এবং গবেষণাগার সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়া শিক্ষক সংকট নিরসনে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের জন্য ১ হাজার ২০০ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
১২১ বার পড়া হয়েছে