টাঙ্গাইলে রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা কর্মশালার সনদ ও পুরস্কার বিতরণ
বুধবার, ৮ জুলাই, ২০২৬ ১০:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী কুমুদিনী সরকারি কলেজে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা শাখার উদ্যোগে আয়োজিত মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালার সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদানের পাশাপাশি কলেজের নবনির্মিত অভিভাবক ছাউনির শুভ উদ্বোধন করা হয়।
বুধবার বিকেলে কুমুদিনী সরকারি কলেজের মিলনায়তনে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এম. এস. ওয়ায়েদুল হক নাসির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না এবং কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, তিন দিনব্যাপী চলা এই প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে শেষ করা মোট ৫৩ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসার মৌলিক বিষয়গুলো হাতে-কলমে শিখতে সক্ষম হয়েছেন যা জরুরি মুহূর্তে মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করবে।
সনদ বিতরণের পূর্বে কুমুদিনী সরকারি কলেজের ছাত্রীদের অপেক্ষারত অভিভাবকদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে নবনির্মিত অভিভাবক ছাউনির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের স্থানীয় কর্মকর্তা, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।
১১৭ বার পড়া হয়েছে