চাঁদপুরে মেঘনার মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালসহ কার্গোডুবি
বুধবার, ৮ জুলাই, ২০২৬ ৯:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁদপুরের তিন নদীর মোহনায় তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ৫ হাজার বস্তা ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ নদীগর্ভে তলিয়ে গেছে। আজ বুধবার সকালে পুরানবাজার সংলগ্ন ঘাটে এই দুর্ঘটনাটি ঘটে। তবে জাহাজে থাকা পাঁচজন আরোহী নিরাপদে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।
পাবনা থেকে ৩ হাজার ৫০০ বস্তা চাল এবং ১ হাজার ৫০০ বস্তা ধান নিয়ে 'পারবো' নামের কার্গোটি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বুধবার সকালে গন্তব্যের কাছাকাছি পৌঁছালে তিন নদীর মোহনায় তীব্র স্রোতের মুখে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় কার্গোটি। পরবর্তীতে উল্টে যাওয়া নৌযানটিকে উদ্ধার করে ডাকাতিয়া নদীর তীরে নিয়ে রাখা হয়।
চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাটোয়ারী জানান, কার্গোটি ডুবির ফলে পুরানবাজারের ৭ জন ব্যবসায়ীর মালামাল নষ্ট হয়েছে। এতে তাদের প্রায় এক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে চাঁদপুর নৌ থানার পুলিশ এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছেন। বর্ষা মৌসুমে এই মোহনায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। তারা এই নৌপথে চলাচলের জন্য বিশেষ নৌ-নিরাপত্তা ও সতর্কতা জারির দাবি জানিয়েছেন।
১১৬ বার পড়া হয়েছে