মিসর–আর্জেন্টিনা ফুটবল ম্যাচ দেখা নিয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত ২০
বুধবার, ৮ জুলাই, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিশ্বকাপ ফুটবল উপলক্ষে মিসর–আর্জেন্টিনা ম্যাচ দেখাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) প্রথম একাডেমিক ভবনে মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিশ্বকাপ ফুটবলের মিসর–আর্জেন্টিনা ম্যাচ চলাকালে দুই দলের সমর্থক শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং পরে দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
জানা গেছে, সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের আইসিটি, পরিসংখ্যান এবং এফটিএনএস বিভাগের শিক্ষার্থীদের একটি অংশ জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভবনের বিভিন্ন কক্ষ ও আসবাবপত্রে ভাঙচুরের ঘটনাও ঘটে।
এ ঘটনায় অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে উল্লেখ করা হয়েছে। আহতদের অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। সংঘর্ষের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১২৮ বার পড়া হয়েছে