ভারমুক্ত হলেন রিয়াজুল কবির মামুন, পেলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের দায়িত্ব
বুধবার, ৮ জুলাই, ২০২৬ ২:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবির মো. মামুনকে পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় যুবদল। সোমবার রাতে কেন্দ্রীয় কমিটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে। পূর্ণ দায়িত্ব পেয়ে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন মামুন।
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে থাকা) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং তা অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দিয়েছেন।
পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব পাওয়ার পর গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রিয়াজুল কবির মো. মামুন তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, দেশ পুনর্গঠনে এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল তৃণমূল পর্যায় থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। বিশেষ করে, দেশের যুবসমাজের কল্যাণ ও কর্মসংস্থান নিশ্চিত করতে যুবনীতি প্রণয়নের উদ্যোগ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে যুবদলের নেতাকর্মীরা।
নবনিযুক্ত এই সভাপতি আরও উল্লেখ করেন, এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক, জুয়া ও সব ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ড নির্মূল করতে তাঁর দল আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করবে। সামাজিকভাবে এসব অপরাধের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করার কথাও বলেন তিনি। একই সঙ্গে দেশবিরোধী যেকোনো অপশক্তির অপতৎপরতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজনৈতিক উপায়ে রুখে দাঁড়ানোর ঘোষণা দেন মামুন।
উল্লেখ্য, এর আগে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রুকুনুজ্জামান রোকনকে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব অর্পণ করা হলে দলের ভারপ্রাপ্ত সভাপতির পদটি শূন্য হয়। পরবর্তীতে ২০২৫ সালের ৩ জানুয়ারি সংগঠনটির সহ-সভাপতি রিয়াজুল কবির মো. মামুনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছিল। দীর্ঘ প্রায় দেড় বছর ভারপ্রাপ্ত হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের পর এবার তিনি পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব পেলেন।
১৩২ বার পড়া হয়েছে