টাঙ্গাইলে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ৯:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলের মধুপুরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ আ.ন.ম. ইলিয়াস এ রায় ঘোষণা করেন।
টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মধুপুরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে প্রধান আসামি আঃ রহিমকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর পৃথক ধারায় মোট যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ওমরাও খান দিলু জানান, ২০২৩ সালের ২২ জুন বিয়ের পাত্রী দেখানোর কথা বলে ভুক্তভোগী নারীকে জামালপুর থেকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার দুখোলা বনাঞ্চলে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে আঃ রহিম এবং পরে শফিকুল ইসলাম শফি ও সামছুল হক সামছু মিলে তাকে ধর্ষণ করেন।
ঘটনার পর ভুক্তভোগী মধুপুর থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করে এ সাজা ঘোষণা করেন।
আদালতের রায়ে আঃ রহিমকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং ৯(৩) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্য দুই আসামি শফিকুল ইসলাম শফি ও সামছুল হক সামছুকে ৯(৩) ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ না করলে তাদের আরও দুই বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. শাহানশাহ সিদ্দিকী মিন্টু।
১২৩ বার পড়া হয়েছে