ফুটপাত দখল করে হকার বসানোর অভিযোগে কুমিল্লায় ৮ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িক স্থগিত
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ৪:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লা নগরীতে ফুটপাত দখল করে অবৈধভাবে হকার ও অস্থায়ী দোকান বসিয়ে ভাড়া নেওয়ার অভিযোগে আটটি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। নগরীর ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট কমানো এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি কর্তৃপক্ষ।
কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত রাখতে ধারাবাহিক অভিযান চালাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। এর অংশ হিসেবে ফুটপাত দখল করে হকার ও অস্থায়ী দোকান বসিয়ে ভাড়া আদায়ের অভিযোগে রানীরবাজার এলাকার আটটি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, নগরীর যানজট কমানো এবং পথচারীদের চলাচল সহজ করতে কয়েক দিন ধরে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এ বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করতে মাইকিং, লিখিত নোটিশ এবং গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে একাধিকবার সতর্ক করা হয়েছিল।
তিনি বলেন, সিটি প্রশাসক ইউসুফ মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে গিয়ে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। কিন্তু বারবার সতর্ক করার পরও ফুটপাতে অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা অব্যাহত থাকে।
মোহাম্মদ মামুনের ভাষ্য, তদন্তে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফুটপাতে অস্থায়ী দোকান বসিয়ে ভাড়া নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর রানীরবাজার এলাকার আটটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে একই অভিযানে রানীরবাজার এলাকা থেকে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে অন্তত ৩০টি হকারের ভ্যান জব্দ করা হয়। পাশাপাশি একটি ভবনের পার্কিংয়ে হকারদের ভ্যান রাখার সুযোগ দেওয়ার অভিযোগে ভবনের মালিককে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
যেসব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, সেগুলো হলো— সারা বয়লার হাউস, আরব সুইট অ্যান্ড বেকারি, ট্রাই বেকারি, কাজী ফজলুল হক স্টোর, জেলিকা বেকারি, আল বারাকা হোটেল, মেসার্স হাজী অ্যান্ড সন্স এবং আবেদন স্টোর।
কুসিক জানিয়েছে, নগরীর ফুটপাত দখলমুক্ত রাখতে এবং সুষ্ঠু নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১২০ বার পড়া হয়েছে