বেতন-ভাতার দাবিতে মাগুরায় এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি
সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১১:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেতন-ভাতার দাবিতে মাগুরায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
বেতন-ভাতার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৬ জুলাই) মাগুরায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সদস্যরা।
সকাল সাড়ে ১১টার দিকে মাগুরা জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রধান ফটকের সামনে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির মাগুরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি বেতন-ভাতার আওতায় অন্তর্ভুক্তির দাবি জানিয়ে এলেও এ বিষয়ে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাদের দাবি, ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত থাকবে।
বক্তারা আরও বলেন, ১৯৯৭ সাল থেকে তারা কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালনা, গবাদিপশুর জাত উন্নয়ন এবং পশুপালন খাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। একসময় সরকার দুই বছরের জন্য মাসিক দুই হাজার টাকা সম্মানী দিলেও পরে সেটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে কোনো বেতন-ভাতা না পাওয়ায় অনেক সদস্য আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন বলেও তারা দাবি করেন।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির মাগুরা জেলা শাখার সভাপতি বাবুল কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক মো. পিকুল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক অজয় কুমার মিত্র। এ সময় সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, মো. আনিসুর রহমান টিটোসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সমিতির নেতারা বলেন, তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেবে বলে তারা আশা করছেন। অন্যথায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি অব্যাহত থাকবে।
১১৬ বার পড়া হয়েছে