পাবনা প্রেসক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির শুরু
শনিবার, ৪ জুলাই, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনায় কর্মরত সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের চোখের চিকিৎসায় বিশেষ উদ্যোগ নিয়েছে পাবনা প্রেসক্লাব। ‘ভিশন স্প্রিং’-এর সহযোগিতায় শুরু হওয়া দুই দিনব্যাপী এই চক্ষু শিবিরে বিনামূল্যে চোখ পরীক্ষা, পরামর্শ ও চশমা দেওয়া হচ্ছে।
শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিশেষ চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। উদ্বোধনী বক্তব্যে তিনি সাংবাদিকদের সুস্বাস্থ্য রক্ষায় পাবনা প্রেসক্লাবের এই জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতেই ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনার জেলা প্রশাসক (ডিসি) আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার (এসপি) ছুফি উল্লাহ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দিনব্যাপী এই চক্ষু শিবিরে নিবন্ধিত সাংবাদিকদের চোখের যাবতীয় সমস্যা পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা সরবরাহ করা হচ্ছে। এই উদ্যোগ গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১১৩ বার পড়া হয়েছে