চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা, সাধারণ সম্পাদক জয়
শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৫:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শুক্রবার দিনভর ভোটগ্রহণ শেষে শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট দেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী অভিনেতা ও ফাইট ডিরেক্টর আরমান পান ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। একই পদে প্রতিদ্বন্দ্বিতা করা রুমানা ইসলাম মুক্তি পান ১৭৯ ভোট।
সহসভাপতি পদে ডিএ তায়েব ২৬০ ভোট এবং ইলিয়াস কোবরা ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে নূতন পেয়েছেন ২০৪ ভোট এবং রোজিনা পেয়েছেন ১৫২ ভোট।
সহসাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত। তাঁর প্রতিদ্বন্দ্বী রিনা খান পেয়েছেন ১৫০ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে চুন্নু পেয়েছেন ১৮২ ভোট।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পারভেজ চৌধুরী আবির ২৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে পপি পেয়েছেন ১৪৪ ভোট।
দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ২২১ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী রাসেল মিয়া পান ১৯৫ ভোট।
সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একই পদে মুশফিকুল জামিল পেয়েছেন ১১৮ ভোট এবং ইউসুফ খান পেয়েছেন ৭২ ভোট।
কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা এবং সুশান্ত।
এবারের নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে বিএফডিসিতে ছিল উৎসবমুখর পরিবেশ। দুটি পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। একদিকে ছিল আরমান–মুক্তি পরিষদ এবং অন্যদিকে শিবা শানু–জয় চৌধুরী পরিষদ। নির্বাচনের আগে প্রচার-প্রচারণা, প্যানেল পরিচিতি এবং ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে নির্বাচনী আমেজ তৈরি হয়।
শুক্রবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে ব্যালট বাক্স সিলগালা করে গণনা শুরু করে নির্বাচন কমিশন। দীর্ঘ সময় গণনা শেষে শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপুর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব দায়িত্ব পেয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন কমিটি শিল্পীদের অধিকার রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
১২১ বার পড়া হয়েছে