কুমিল্লার তালপুকুরপাড়ের ঘাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লা নগরীর তালপুকুরপাড়ের ঘাট থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। যুবকের পরিচয় ও বয়স শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)কে খবর দেওয়া হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, সকালে খবর পেয়ে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির একটি দল তালপুকুরপাড়ের ঘাটে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, রাতের কোনো এক সময় ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহ উদ্ধারের সময় তার শরীরে কোনো পোশাক ছিল না।
স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তিনি কে এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
১০৭ বার পড়া হয়েছে