সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় ২ হত্যার রহস্য উদঘাটন, ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকদের হত্যার অভিযোগে আব্দুল ওয়াদুদ ওরফে মানিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, মানিককে ‘সিরিয়াল কিলার’ হিসেবে শনাক্ত করা হয়েছে এবং তিনি একাধিক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে অটোরিকশা ছিনতাইকে কেন্দ্র করে সংঘটিত দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল ওয়াদুদ ওরফে মানিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য, অটোরিকশাচালকদের লক্ষ্য করে হত্যার ঘটনায় জড়িত থাকায় মানিককে ‘সিরিয়াল কিলার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান।

পুলিশ জানায়, গত ১২ আগস্ট নাঙ্গলকোট থানার আটিয়াবাড়ি এলাকায় একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিচয় শনাক্ত করে জানা যায়, মরদেহটি ১৮ বছর বয়সী অটোরিকশাচালক মো. মেহেদীর। এ ঘটনায় নাঙ্গলকোট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আব্দুল ওয়াদুদ ওরফে মানিক, শাহেদ, ফাহিম ও সেলিমকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা মেহেদীকে হত্যার পর তাঁর অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেন। পরে মানিক আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এর মধ্যে গত ২৪ আগস্ট নাঙ্গলকোটে অটোরিকশাচালক মো. আরমান হোসেন (১৫) নিখোঁজ হন। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। পরে একটি অটোরিকশা কাটা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. জোবায়ের হোসেন সুজন, নূর আলম ও মো. গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, তাঁদের জিজ্ঞাসাবাদে আরমানকে অপহরণের পর হত্যার তথ্য পাওয়া যায়। পরে মানিককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি আরমানকে হত্যার কথা স্বীকার করেন বলে দাবি পুলিশের।

মানিকের দেওয়া তথ্যের ভিত্তিতে মনোহরগঞ্জ উপজেলার বিনয়ঘর এলাকার একটি পুকুর থেকে আরমানের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের তদন্তে উঠে এসেছে, দুই হত্যাকাণ্ডের পেছনেই অটোরিকশা ছিনতাই ছিল মূল উদ্দেশ্য। অটোরিকশাচালকদের টার্গেট করে হত্যা এবং পরে তাঁদের অটোরিকশা ছিনিয়ে নেওয়া হতো বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া ২০২৪ সালের ২ সেপ্টেম্বর অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে শাহজাহান ওরফে সাইমন (১৭) নামে এক কিশোরকে শ্বাসরোধে হত্যার অভিযোগও রয়েছে মানিকের বিরুদ্ধে। ওই মামলাটিও বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০