পদত্যাগের এক মাস পর আজ রাঙামাটি ফিরছেন সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
বুধবার, ১ জুলাই, ২০২৬ ৫:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
মন্ত্রীত্ব ছাড়ার দীর্ঘ এক মাস পর আজ নিজ নির্বাচনী এলাকা রাঙামাটিতে ফিরছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি। শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের পর ঢাকায় অবস্থান শেষে আজ বুধবার এলাকায় ফিরছেন তিনি। তাঁর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সাবেক এই মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ আল আমিন তাঁর রাঙামাটি ফেরার খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার এলাকায় ফিরে দীপেন দেওয়ান জেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। এরপর তিনি কিছুদিন পার্বত্য জেলাতেই অবস্থান করবেন এবং বিভিন্ন সরকারি, বেসরকারি ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
এর আগে, গত ১ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আকস্মিকভাবে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন দীপেন দেওয়ান। এরপর থেকে তিনি রাজধানীর ঢাকাতেই অবস্থান করছিলেন এবং জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সক্রিয়ভাবে অংশ নেন। মাত্র তিন মাস দায়িত্ব পালনের পর তাঁর এমন আকস্মিক পদত্যাগের ঘটনা তৎকালীন সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ বড়সড় আলোচনার জন্ম দিয়েছিল।
এদিকে প্রিয় নেতার আগমনকে ঘিরে রাঙামাটির স্থানীয় রাজনীতিতে ও নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দলীয় সূত্র জানিয়েছে, দীপেন দেওয়ানকে স্বাগত জানাতে কাউখালী উপজেলার ঘাগড়া এলাকা থেকে মোটর শোভাযাত্রা সহকারে এক বর্ণাঢ্য সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হয়েছে। তৎকালীন সময়ে তাঁর পদত্যাগের পর সেটি প্রত্যাহারের দাবিতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানা আন্দোলনও করা হয়েছিল।
১১৮ বার পড়া হয়েছে