জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সেনা সদস্যের যাবজ্জীবন
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ১১:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় সেরাতুল মুসতাকিন ওরফে রনি নামের এক সেনা সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত সেনা সদস্য রনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের তেমারিয়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় সে আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল। পরে তাকে পুলিশি পাহাড়ায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এই মামলার সরকার পক্ষের পিপি অ্যাডভোকেট রিনাত ফেরদৌসী রিনি আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ভুক্তভোগী ওই নাবালিকার বাবা মালয়েশিয়া প্রবাসী হওয়ায় সে মায়ের সাথে নানাবাড়িতে থাকত। ২০২২ সালের ১৪ জুন বাড়ির পাশে খেলার সময় লজেন্স দেওয়ার প্রলোভন দেখিয়ে রনি তাকে একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে হত্যার হুমকিও দেওয়া হয়।
পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আসামির পরিবার। মীমাংসার কথা বলে সময়ক্ষেপণ করার পর অবশেষে ওই বছরের ৫ আগস্ট নির্যাতিতার মা আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আজ এই চূড়ান্ত রায় ঘোষণা করলেন।
১২১ বার পড়া হয়েছে