টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলার রহস্য উন্মোচন, মোয়াজ্জেমসহ গ্রেপ্তার ২
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলে গৃহবধূ নাজমা আলম হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই ক্লু-লেস এই ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় মসজিদের মোয়াজ্জেমসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন—দেলদুয়ার উপজেলার মোশারফ হোসেন (৪২), যিনি স্থানীয় একটি মসজিদের মোয়াজ্জেম এবং স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকার (৪৫)।
পুলিশ জানায়, গত রোববার সকালে নিজ বাড়ি থেকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় গৃহবধূ নাজমা আলমের মরদেহ উদ্ধার করা হয়। এরপরই পুলিশ তথ্য-প্রযুক্তি ও নিজস্ব সোর্সের সহায়তায় তদন্ত শুরু করে। প্রথমে স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকারকে আটক করা হয় এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় মূল হত্যাকারী মোশারফ হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
জিজ্ঞাসাবাদে জানা যায়, চুরির উদ্দেশ্যে মোশারফ হোসেন ওই বাড়িতে প্রবেশ করেছিলেন। তিনি প্রথমে নাজমার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এরপর নাজমার হাত ও গলায় থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। বাধা পেয়ে মোশারফ তাঁকে নির্মমভাবে হত্যা করেন।
অপরাধের প্রমাণ লুকাতে মোশারফ ঘরের সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেন এবং ক্যামেরার ডিভিডি ডিভাইসটি নিয়ে যান। পরে লুণ্ঠিত স্বর্ণালংকার তিনি ব্যবসায়ী সন্তোষের কাছে বিক্রি করেন। পুলিশ আসামিদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল এবং সিসিটিভি ডিভাইসের অংশবিশেষ উদ্ধার করেছে। মঙ্গলবার দুপুরে আসামিদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
১১৮ বার পড়া হয়েছে