অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতির অভিযোগ তদন্ত হবে: তথ্য উপদেষ্টা
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ৭:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের সময়সহ অতীত ও বর্তমান সব সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সমানভাবে তদন্তের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ এবং এর কোনো তামাদি নেই, তাই যেকোনো সময়ই তদন্ত করা সম্ভব।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের সার্বিক কার্যক্রম নিয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উঠলে কমিশনের উচিত স্বাধীনভাবে তদন্ত করা।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, পূর্ববর্তী সরকারের কোনো ব্যক্তি বা বর্তমান সরকারের কারও বিরুদ্ধেই অভিযোগ উঠলে তা তদন্তের বাইরে থাকবে না। সরকারের অবস্থান হলো—সব অভিযোগই সমান গুরুত্ব দিয়ে দেখা হবে।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি জানান, আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকাকালীন আওয়ামী লীগ কোনো নামেই রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না। তাঁর ভাষায়, “যতদিন আদালতে নিষেধাজ্ঞা থাকবে, ততদিন তারা কোনোভাবেই কার্যক্রম পরিচালনা করতে পারবে না।”
শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়েও সতর্ক করেন তিনি। দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তাঁর বক্তব্য প্রচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা রয়েছে উল্লেখ করে তিনি গণমাধ্যমকে আইন মেনে চলার আহ্বান জানান।
এছাড়া ব্রিফিংয়ে তিনি জানান, সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারত সীমান্তে ১৬৫টি এবং মিয়ানমার সীমান্তে ১৫টি ‘পুশ ইন’ ঘটনা প্রতিহত করেছে।
১১৯ বার পড়া হয়েছে