মোংলায় জলবায়ু সহনশীল কৃষি গড়তে 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস'
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মোংলায় জলবায়ু সহনশীল আধুনিক কৃষি ব্যবস্থা ও গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ ও ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী। কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই বিশেষ আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে।
কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পুষ্টি উন্নয়নের ধারাকে বেগবান করতে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী, মাঠ স্কুলের সদস্য, শিক্ষক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকদের আয় বৃদ্ধি করতে আধুনিক প্রযুক্তি ও জলবায়ু সহনশীল চাষাবাদের বিকল্প নেই। বর্তমান সরকার কৃষিকে একটি লাভজনক ও টেকসই খাত হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে।
তিনি আরও যোগ করেন, কেবল খাদ্য উৎপাদনেই সীমাবদ্ধ না রেখে তরুণ প্রজন্মকে কৃষির প্রতি আকৃষ্ট করতে হবে। নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি করতে সরকার প্রযুক্তির ব্যবহার ও প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করছে।
মোংলা উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) রমেশ চন্দ্র ঘোষ এবং অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) অপূর্ব লাল সরকার। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পরিবেশ আন্দোলনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
কংগ্রেসের সমাপনী পর্বে অংশগ্রহণকারী সফল চাষীদের মাঝে বিভিন্ন ফলদ গাছের চারা এবং পরিবেশবান্ধব জৈব সার বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগ উপকূলীয় অঞ্চলের কৃষকদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৩১৮ বার পড়া হয়েছে