চাঁদপুরে প্রবাসীদের অর্থায়নে জরুরি ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু
রবিবার, ২৮ জুন, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁদপুরের কচুয়া উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চালু হয়েছে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস। স্পেন প্রবাসী কামরুজ্জামান মজুমদারের অর্থায়নে এবং বিতারা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে এই মানবিক সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২৪ ঘণ্টা নিয়োজিত এই অ্যাম্বুলেন্স সার্ভিসটি স্থানীয় মুমূর্ষু ও গর্ভবতী মায়েদের চিকিৎসা প্রাপ্তিতে বড় অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
শনিবার বিকেলে উপজেলার মাঝিগাছা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাজমুন নাহার বেবী বলেন, প্রবাসী ভাইদের এই কল্যাণমুখী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। জরুরি মুহূর্তে ও যেকোনো প্রাকৃতিক দুর্যোগে এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা স্থানীয় সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সুবিধা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিতারা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উপদেষ্টা শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আব্দুল হাই চৌধুরী এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।
স্থানীয় বাসিন্দারা প্রবাসীদের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। মূলত স্পেন প্রবাসী ও বিতারা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান মজুমদার জামালের আর্থিক পৃষ্ঠপোষকতায় এই অ্যাম্বুলেন্সটি স্থানীয় দুস্থ ও অসহায় রোগীদের জন্য ২৪ ঘণ্টা সার্বক্ষণিক সেবা প্রদান করবে।
১০৯ বার পড়া হয়েছে