মোংলায় ২৪ ঘণ্টা চলবে ২ ফেরি, খনন হবে ঠাকুরানী খাল: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১০:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
বিদেশ সফর শেষে দেশে ফিরেই নিজ নির্বাচনী এলাকা মোংলার উন্নয়নে মাঠপর্যায়ে পরিদর্শনে নেমেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শুক্রবার মোংলা নদীর ফেরিঘাট ও ঠাকুরানী খাল পরিদর্শনকালে তিনি মোংলায় সার্বক্ষণিক দুটি ফেরি সচল রাখা এবং দ্রুত ঐতিহ্যবাহী ঠাকুরানী খাল খননের ঘোষণা দেন।
জার্মানি ও উজবেকিস্তানের সফর শেষ করে দেশে ফেরার পর এটিই প্রতিমন্ত্রীর প্রথম মাঠপর্যায়ের আনুষ্ঠানিক কর্মসূচি। শুক্রবার সকাল সাড়ে ১০টায় তিনি প্রথমে মোংলা ফেরিঘাটে পৌঁছান এবং ঘাটের সার্বিক পরিস্থিতি ও যাত্রী পারাপারের সুবিধা-অসুবিধা ঘুরে দেখেন। এরপর তিনি স্থানীয় ঠাকুরানী খাল এলাকায় যান এবং খালের চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
মোংলা বন্দর ও ইপিজেডে কর্মরত হাজার হাজার শ্রমিক-কর্মচারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এখন থেকে মোংলা নদীতে ২৪ ঘণ্টা দুটি ফেরি চলাচল করবে। ইতিপূর্বে জোয়ার-ভাটার ওপর নির্ভর করে মাত্র একটি ফেরি চালু থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। ফেরি চলাচল স্বাভাবিক রাখতে নদী নিয়মিত খনন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
অন্যদিকে, মোংলা পোর্ট পৌরসভার প্রধান জলধারা ঠাকুরানী খালটি উদ্ধার করার জোরদার প্রক্রিয়া শুরু হয়েছে। খালের ময়লা-আবর্জনা পরিষ্কারের প্রাথমিক কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং বর্তমানে খালের জায়গা পরিমাপের কাজ চলছে। সীমানা নির্ধারণ শেষ হলেই পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে খাল খননের মূল কাজ শুরু হবে।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, এই খাল খনন ও পরিষ্কারের ফলে স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি মশার উপদ্রব কমবে, যা পৌরবাসীকে ডেঙ্গু ও চিকনগুনিয়ার মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করবে। তিনি উপস্থিত কর্মকর্তাদের কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমি, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা মো. জুলфিকার আলী, মাহবুবুর রহমান মানিক, আঃ মান্নান হাওলাদার সহ স্থানীয় প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৮৫ বার পড়া হয়েছে