রাঙামাটিতে গৃহবধূ আয়েশা হত্যা: ভাতিজা ও দুঃসম্পর্কের নাতি গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৮:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটির বরকল উপজেলার বরুনাছড়ি এলাকায় গৃহবধূ আয়েশা বেগম (৪৯) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের আপন ভাতিজা ও দুঃসম্পর্কের নাতিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে লুট হওয়া ১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রাঙ্গামাটি পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।
তিনি জানান, গত ২১ জুন বিকেলে বরকল থানার ১ নম্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরনাছড়ি (ইসলামপুর) এলাকায় নিজ বসতঘরে খুন হন গৃহবধূ আয়েশা বেগম। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ইট ও একটি হাতুড়ি আলামত হিসেবে জব্দ করা হয়।
এ ঘটনায় নিহতের স্বামী আশরাফ আলী বরকল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর জেলা পুলিশের তত্ত্বাবধানে বরকল থানা পুলিশ ও ডিবির সমন্বয়ে বিশেষ তদন্ত ও অভিযান চালানো হয়।
তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ২৪ জুন সকালে নিজ নিজ বাড়ি থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো সোহাগ (১৭) ও ওমর আলী (১৯)। তারা বরনাছড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সোহাগের বাড়ির হাঁস-মুরগির ঘরের পাশে মাটির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় ১ লাখ ৬ হাজার টাকা এবং ওমর আলীর বাড়ির কলাবাগানের মাটির নিচে লুকানো অবস্থায় আরও ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
মোট ১ লাখ ৯৯ হাজার টাকা হত্যাকাণ্ডের সময় লুট করা হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ সুপার জানান, দ্রুত তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মামলার রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
১১৭ বার পড়া হয়েছে