গাইবান্ধায় রেস্টুরেন্টে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ঘেরাও করে বিক্ষোভ
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৪:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাইবান্ধা সদর উপজেলায় এক রেস্টুরেন্ট কর্মচারীর বিরুদ্ধে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত কর্মচারীকে রেস্টুরেন্টের ভেতরে অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজের সামনে অবস্থিত ‘জাফলং রেস্টুরেন্ট’-এ এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত কর্মচারীর নাম আমির হোসেন। আজ বুধবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ওই রেস্টুরেন্টের কর্মচারী আমির হোসেন ৬ বছরের শিশুটিকে ফুসলিয়ে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে যায়। পরে সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
মুহূর্তের মধ্যে উত্তেজিত জনতা লাঠিসোঁটা নিয়ে জাফলং রেস্টুরেন্টটি চারপাশ থেকে ঘিরে ফেলে এবং অভিযুক্ত আমির হোসেনকে ভেতরে অবরুদ্ধ করে রাখে। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শত শত মানুষ রেস্টুরেন্টের সামনে বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে গাইবান্ধা সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে উত্তেজিত জনতার ক্ষোভের কারণে পুরো এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
১১৮ বার পড়া হয়েছে