চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি
বুধবার, ২৪ জুন, ২০২৬ ১১:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের একটি প্রতিনিধিদল। তারা ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে কথা বলে সহানুভূতি প্রকাশ করেন এবং পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দেন।
মঙ্গলবার নিউ মার্কেট এলাকায় গিয়ে প্রতিনিধিদলের সদস্যরা আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় তারা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং ব্যবসায়ীদের দুর্ভোগের কথা শোনেন।
প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও সরকারি সহায়তা এবং ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। পাশাপাশি মানবিক সহায়তা অব্যাহত রাখার কথাও তারা উল্লেখ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী, জেলা নায়েবে আমির অধ্যাপক মোখলেশুর রহমান, জেলা সেক্রেটারি আবু বকর এবং পৌর জামায়াতের সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত ক্ষতি কাটিয়ে ওঠার জন্য দোয়া করা হয় বলে জানানো হয়।
১১৫ বার পড়া হয়েছে