মোংলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার সময় যুবলীগ–ছাত্রলীগের ৪ নেতা-কর্মী আটক
বুধবার, ২৪ জুন, ২০২৬ ৫:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মোংলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন চলাকালে সরকার মার্কেট এলাকা থেকে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিশৃঙ্খলার আশঙ্কায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মোংলা পোর্ট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সরকার মার্কেট এলাকায় সোমবার এ ঘটনা ঘটে। ওই এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন চলছিল।
এ সময় মোংলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন— হাসান শিকদার, সবুজ মণ্ডল, রবিউল হাসান পিথিল এবং নূর নবী হোসেন পিয়েল।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর ছিল। পরিস্থিতি বিশ্লেষণ করে সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মোংলা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
১৪২ বার পড়া হয়েছে