রাজশাহীতে তায়কোয়ানডো দোজাংয়ের ২৬তম বেল্ট বিতরণ
সোমবার, ২২ জুন, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীতে তায়কোয়ানডো দোজাংয়ের ২৬তম বেল্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা আত্মরক্ষার কৌশল শেখার গুরুত্ব তুলে ধরে শিশু-কিশোর, বিশেষ করে কন্যাশিশুদের মার্শাল আর্ট প্রশিক্ষণে অংশ নেওয়ার আহ্বান জানান।
রাজশাহীতে তায়কোয়ানডো দোজাংয়ের ২৬তম বেল্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শহীদ আব্দুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তায়কোয়ানডো দোজাং রাজশাহী শাখার সভাপতি এবং বাংলাদেশ কৃষকদল রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক শরফুজ্জামান শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আব্দুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহা. আব্দুল খালেক, জেলা ক্রীড়া সংস্থা রাজশাহীর সদস্যসচিব মোজাম্মেল হক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোজাদ্দেদ জামানী সুমন এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে তায়কোয়ানডো দোজাংয়ের প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে ব্যক্তিগত নিরাপত্তা ও আত্মরক্ষার দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মরক্ষামূলক প্রশিক্ষণ হিসেবে মার্শাল আর্টের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। তায়কোয়ানডো প্রশিক্ষণ শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আত্মবিশ্বাস ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
তাঁরা আরও বলেন, কন্যাশিশু ও কিশোরীদের জন্য আত্মরক্ষার প্রশিক্ষণ বিশেষভাবে প্রয়োজন। তাই শিশুদের মার্শাল আর্ট প্রশিক্ষণে উৎসাহিত করতে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রায় ৭০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে তাঁদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পর্যায়ের বেল্ট প্রদান করা হয়। এর আগে প্রশিক্ষণার্থীরা আত্মরক্ষার বিভিন্ন কৌশল ও তায়কোয়ানডোর প্রদর্শনী পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়।
১২১ বার পড়া হয়েছে