সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে প্রেমিকার ঘরের পেছনে মিলল নিখোঁজ ছাত্রের লাশ, মা-বোনসহ প্রেমিকা আটক

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

সোমবার, ২২ জুন, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর রায়পুরায় নিখোঁজের দুদিন পর ওয়ালিদ হাসান (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রেমিকার বাড়ির পেছনে কাপড়ে মোড়ানো অবস্থায় তার লাশ গুম করার চেষ্টার সময় হাতেনাতে আটক করা হয়েছে প্রেমিকা ও তার পরিবারের সদস্যদের। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ কথিত প্রেমিকা, তার মা ও দুই বোনসহ চারজনকে আটক করেছে।

নিহত ওয়ালিদ হাসান রায়পুরা পৌর এলাকার কান্দাপাড়ার আব্দুল হাইয়ের ছেলে। বাবা-মায়ের বিচ্ছেদের পর তিনি মায়ের সঙ্গে উপজেলার বাহেরচর গ্রামে নানাবাড়িতে থাকতেন। স্থানীয় একটি বিদ্যালয় থেকে চলতি বছর তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাহেরচর এলাকার জাকির মিয়ার মেয়ে প্রাণা আক্তারের সঙ্গে ওয়ালিদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে প্রাণার পরিবার এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে চায়নি। এর জের ধরে সম্প্রতি প্রাণাকে এক প্রবাসীর সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের পরও ওয়ালিদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন প্রাণা, যা তার পরিবারের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়।

গত বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ নিখোঁজ হন ওয়ালিদ। স্বজনরা সব জায়গায় খুঁজেও তার সন্ধান পাননি। শনিবার রাতে প্রাণাদের বাড়ির পেছনে কুকুর ঘেউ ঘেউ করতে দেখে সন্দেহ হয় ওয়ালিদের ছোট ভাই রোমান ও স্থানীয়দের। তারা সেখানে গিয়ে দেখতে পান, প্রাণা ও তার মা-বোনেরা মিলে কাপড় দিয়ে মোড়ানো একটি ভারী বস্তু সরাচ্ছেন। পরে ভেতরে ঢুকে তারা কাপড়ে মোড়ানো অবস্থায় ওয়ালিদের নিথর দেহ সনাক্ত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রেমিকা প্রাণা আক্তার, তার মা ফরিদা বেগম ও দুই বোনকে আটক করে। ঘটনার পর থেকে প্রাণার বাবা জাকির মিয়া পলাতক রয়েছেন। এদিকে এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার দুপুরে উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালায়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ৪ জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন