রাজশাহী প্রেসক্লাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য: ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি
রবিবার, ২১ জুন, ২০২৬ ৫:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ এবং হুমকিসূচক বক্তব্য দেওয়ার অভিযোগে স্থানীয় এক পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ। সভা থেকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
রাজশাহী প্রেসক্লাবকে নিয়ে কুরুচিপূর্ণ ও হুমকিসূচক বক্তব্যের প্রতিবাদে জরুরি সভা করেছে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ। সভায় বক্তারা সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানান।
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, গত ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় একটি দৈনিক পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যদের বিরুদ্ধে আপত্তিকর ও হুমকিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদে প্রেসক্লাবের পক্ষ থেকে এই জরুরি সভার আয়োজন করা হয়।
বক্তারা বলেন, রাজশাহী প্রেসক্লাব দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ সাংবাদিক সংগঠন। প্রতিষ্ঠানটির নেতৃত্ব ও সদস্যদের নিয়ে অশালীন, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ মন্তব্য শুধু প্রেসক্লাবের ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং সামগ্রিকভাবে সাংবাদিক সমাজের মর্যাদাকেও প্রশ্নবিদ্ধ করে।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, সোহেল মাহবুব অবিলম্বে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ছাড়া সভায় প্রেসক্লাবের নতুন সদস্য অনুমোদন, প্রেসক্লাববিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবিলার কৌশল, ভবন সংস্কারকাজের অগ্রগতি, প্রেসক্লাবের নামে ব্যাংক হিসাব খোলা এবং অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি সরকার শরিফুল ইসলাম, আব্দুল সবুর ও শাহরিয়ার অন্ত, যুগ্ম সম্পাদক আবু কাওসার মাখন ও মো. নুরে ইসলাম মিলন, অর্থ সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, ক্রীড়া সম্পাদক জিএম হাসান-ই-সালাম বাবুল, পাঠাগার সম্পাদক মো. সুরুজ আলী এবং কার্যনির্বাহী সদস্য মোঞ্জুয়ারা খাতুন, আজিবার রহমান, রুবেল সরকার, মো. রাজিব আলী রাতুল ও রাউফ উদ্দিন রাফি।
সভা শেষে প্রেসক্লাবের ঐক্য, মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রেসক্লাবকে ঘিরে যেকোনো অপপ্রচার, মানহানিকর কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।
১২৫ বার পড়া হয়েছে