চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ
শনিবার, ২০ জুন, ২০২৬ ৩:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় জমি–সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মো. আসাদুল হক (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের পর কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মুশরীভুজা বটতলা এলাকায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এ এন এস ওয়াসিম ফিরোজ।
পুলিশ জানায়, জমি–সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে একই এলাকার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পক্ষের নেতৃত্বে ছিলেন মো. ইলিয়াস (৬৫) ও মো. বাবুল ইসলাম (৩৫)। অপর পক্ষের ছিলেন মো. আশরাফুল ইসলাম ও মো. আসাদুল হক।
সংঘর্ষে গুরুতর আহত হন আসাদুল হক। তাঁকে প্রথমে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে প্রথম পক্ষের দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সংঘর্ষের পর দ্বিতীয় পক্ষের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ জানিয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
১২৪ বার পড়া হয়েছে