মানিকগঞ্জে ‘দৃষ্টি প্রতিবন্ধী’ পরিচয়ে ভাতা ও ওএমএস সুবিধা নেয়ার অভিযোগ
বুধবার, ১৭ জুন, ২০২৬ ১১:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জ সদর উপজেলায় দৃষ্টি প্রতিবন্ধী না হয়েও সরকারি ভাতা ও বিশেষ খাদ্য সহায়তা (ওএমএস) গ্রহণের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ায় তাদের ভাতা সাময়িকভাবে স্থগিত করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়।
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বাংগড়া এলাকার আব্দুল হক ও আলেয়া বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে সরকারি ভাতা ও খাদ্য সহায়তা গ্রহণের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে আলেয়া বেগম এবং ২০২১-২২ অর্থবছরে আব্দুল হক ‘সুবর্ণ নাগরিক’ কার্ডের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী ভাতার আওতায় আসেন। অভিযোগ অনুযায়ী, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কিছু পর্যায়ের সহায়তায় তারা এসব সুবিধা পান এবং দীর্ঘদিন ধরে ভাতা উত্তোলন করে আসছিলেন।
এছাড়া আব্দুল হকের বিরুদ্ধে সরকারের স্বল্পমূল্যের ওএমএস চালের কার্ড ব্যবহার করে খাদ্য সহায়তা নেওয়ার অভিযোগও রয়েছে। স্থানীয়দের দাবি, বাস্তবিকভাবে তারা কৃষি ও গবাদিপশু পালনের মাধ্যমে স্বচ্ছল জীবনযাপন করছেন এবং তাদের দোতলা বাড়িও রয়েছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ইউনিয়নের সমাজকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। কেউ কেউ অনিয়মের ইঙ্গিত দিলেও, কেউ আবার তালিকা প্রস্তুত ও যাচাই-বাছাইয়ের দায়িত্বে সীমাবদ্ধ থাকার কথা জানিয়েছেন।
মানিকগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয় জানিয়েছে, প্রাথমিক তদন্তে অনিয়মের ইঙ্গিত পাওয়ায় অভিযুক্তদের ভাতা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, আইনজীবীরা বলছেন, সরকারি ভাতা জালিয়াতির মাধ্যমে গ্রহণ করা দণ্ডবিধি অনুযায়ী প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের শামিল হতে পারে। তারা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং আত্মসাৎ করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনার দাবি জানিয়েছেন।
জেলা সমাজসেবা কার্যালয় জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুতই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১১৬ বার পড়া হয়েছে