কাশিয়ানীর মধুমতি সেতু টোল প্লাজায় অজ্ঞাত কারণে ব্যক্তির মৃত্যু
সোমবার, ১৫ জুন, ২০২৬ ১:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মধুমতি সেতুর টোল প্লাজা এলাকা থেকে মোঃ নাসির মিয়া (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ জুন) বিকেলে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মৃগী রোগজনিত খিঁচুনির কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
কাশিয়ানী থানার পুলিশ সূত্রে জানা যায়, নিহত মোঃ নাসির মিয়া ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার মৃত সারোয়ার মিয়ার ছেলে। তিনি জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন ধরে তার ভাইয়ের ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে কাশিয়ানী উপজেলায় বসবাস করতেন।
রোববার বিকেলে মধুমতি সেতুর টোল প্লাজা এলাকার সড়কের পাশে স্থানীয়রা নাসির মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুর রহমান জানান, প্রাথমিক তদন্তে নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। ফলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খিঁচুনির সময় পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হলেও পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
১১৮ বার পড়া হয়েছে