রাখাইন পরিস্থিতি পর্যবেক্ষণে হিউম্যান রাইটসের প্রতিনিধি দল কুয়াকাটায়
রবিবার, ১৪ জুন, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় বসবাসরত রাখাইন জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা পর্যবেক্ষণ করেছে নাগরিক অধিকারভিত্তিক সংগঠন সিটিজেন ফর হিউম্যান রাইটসের একটি প্রতিনিধি দল।
শনিবার সকাল থেকে দিনব্যাপী কারিতাসের সহযোগিতায় প্রতিনিধি দলটি কুয়াকাটার মিস্রিপাড়া, নয়াপাড়া, আমখোলা পাড়া, কেরানীপাড়া ও মেথাওপাড়া পরিদর্শন করে। এ সময় তারা রাখাইন সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের জীবনযাত্রা, সামাজিক অবস্থা ও বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।
রাখাইন সম্প্রদায়ের সদস্যরা প্রতিনিধি দলের কাছে ভূমি সংকট ও জমি বেদখল, অস্তিত্ব সংকট, সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়, ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থানের ক্ষয়ক্ষতিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা এসব সংকট নিরসনে সরকারের কার্যকর উদ্যোগ ও নীতিগত সহায়তার দাবি জানান।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, পর্যবেক্ষণকালে পাওয়া তথ্য ও সুপারিশ সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং নীতিনির্ধারকদের কাছে তুলে ধরা হবে। একই সঙ্গে রাখাইন জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, সংস্কৃতি সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হবে।
প্রতিনিধি দলে সিটিজেন ফর হিউম্যান রাইটসের সদস্য ও নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, কথাসাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ, গবেষক ড. ঈশিতা দস্তিদারসহ মোট আটজন সদস্য অংশ নেন।
স্থানীয়দের মতে, রাখাইন সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
১৬৮ বার পড়া হয়েছে