বগুড়ায় ফ্লাইং একাডেমি স্থাপনের ঘোষণা বিমান ও পর্যটন মন্ত্রীর
রবিবার, ১৪ জুন, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, দেশের বগুড়ায় একটি “ফ্লাইং একাডেমি” স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে সাধারণ ও দরিদ্র পরিবারের সন্তানদের পাইলট হওয়ার সুযোগ তৈরি করা হবে।
তিনি বলেন, ভবিষ্যতে এসব শিক্ষার্থীর প্রশিক্ষণ ব্যয় সরকারিভাবে বহন করা হবে।
শনিবার (১৩ জুন) মানিকগঞ্জ সদর উপজেলার হরিজন পল্লীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে পাইলট প্রশিক্ষণের উচ্চ ব্যয়ের কারণে কেবলমাত্র সচ্ছল ও নির্দিষ্ট পরিবারের সন্তানরাই এ পেশায় প্রবেশের সুযোগ পায়। এই বৈষম্য দূর করতেই সরকার নতুন উদ্যোগ নিয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে ফ্লাইং একাডেমির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে এবং বিমানবাহিনীর অভিজ্ঞ প্রশিক্ষকরা শিক্ষার্থীদের গাইড করবেন।
তিনি আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর প্রবাসীদের সুবিধা নিশ্চিত করা এবং বিমানবন্দরের সেবার মান উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইতোমধ্যে বিমানবন্দর ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও তিনি দাবি করেন।
মন্ত্রী জানান, স্বল্প সময়ের মধ্যে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে এবং মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকায় মডেল মন্দির ও শ্মশানঘাট নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, সরকার সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছে এবং সমাজে কোনো বিভাজন না রেখে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
অনুষ্ঠানে ড্যাব সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমানের সঞ্চালনায় এবং ডা. বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১১৭ বার পড়া হয়েছে