কানসাট আমবাজার ও সড়ক দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান
শনিবার, ১৩ জুন, ২০২৬ ৩:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় সড়ক ও আমবাজার দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। যৌথ এ অভিযানে গোপালনগর মোড় ও কানসাট আমবাজার এলাকার বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হয়।
ইউএনও মাজহারুল ইসলাম জানান, জনস্বার্থে সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ দখল ও বিধি লঙ্ঘনের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আমবাজার ব্যবস্থাপনা সংক্রান্ত বিভাগীয় সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে আমচাষি, ব্যবসায়ী, আড়তদার ও হাট ইজারাদারদের অবহিত করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোমিনুল হক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মুলক উপস্থিত ছিলেন। এছাড়া পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
১১৯ বার পড়া হয়েছে