কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় প্রতিহত
শনিবার, ১৩ জুন, ২০২৬ ১:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সীমান্তবাসীরা।
শুক্রবার ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, পুশইনের চেষ্টাকৃত ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও চারজন শিশু রয়েছে। তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও তা প্রতিহত করেন। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে অবস্থান করছেন।
বিজিবি জানিয়েছে, ওই ব্যক্তিরা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সেজন্য সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ কাজে স্থানীয় সীমান্তবাসীরাও সহযোগিতা করছেন।
প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ভোরের দিকে ভারত থেকে ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে স্থানীয় জনগণ ও বিজিবির যৌথ প্রচেষ্টায় তাদের প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।
প্রাগপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার আসাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১২ জনকে পুশইনের চেষ্টা করা হয়েছিল। তবে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা বর্তমানে ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থান করছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্তে অতিরিক্ত সতর্কতা ও নজরদারি অব্যাহত রয়েছে।
১২০ বার পড়া হয়েছে