কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ বিএসএফ
শুক্রবার, ১২ জুন, ২০২৬ ৯:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সীমান্তবাসীরা। শুক্রবার ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চারজন পুরুষ, চারজন নারী ও চারজন শিশুসহ মোট ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। তবে বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের প্রবেশের প্রচেষ্টা প্রতিহত করে।
বর্তমানে ওই ১২ জন ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে অবস্থান করছে বলে জানিয়েছে বিজিবি। যাতে তারা কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ভোরের দিকে ভারত থেকে ১২ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। স্থানীয় জনগণ ও বিজিবির সমন্বিত প্রচেষ্টায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
প্রাগপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার আসাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুশইনের চেষ্টা করা হলেও কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
২০৪ বার পড়া হয়েছে