সাতক্ষীরায় বিজিবির কঠোর নজরদারিতে 'পুশইন' চেষ্টা ব্যর্থ
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ১১:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবন উপকূলীয় বাংলাদেশ–ভারত সীমান্তের নদীপথে কথিত ১৮ থেকে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর নজরদারি ও দ্রুত পদক্ষেপের কারণে এই পুশইন চেষ্টা ব্যর্থ হয়েছে।
ঘটনাটি ঘটে সাতক্ষীরার নীলডুমুর এলাকায়, যা ১৭ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত অঞ্চল। বৃহস্পতিবার (১১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহারিয়ার রাজিব।
বিজিবি সূত্র জানায়, গত ৮ জুন থেকে ১০ জুন ভোর পর্যন্ত ভারতীয় ৭৪ ও ৭৭ বিএসএফ ব্যাটালিয়ন সীমান্তের বিপরীতে নদীপথসহ বিভিন্ন পয়েন্টে কয়েক দফায় ১৮ থেকে ২০ জনকে জড়ো করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। তবে বিজিবির সক্রিয় টহল ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ায় কোনো অনুপ্রবেশ ঘটেনি।
সীমান্ত নিরাপত্তা জোরদারে ১৭ বিজিবি ব্যাটালিয়ন একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সীমান্তবর্তী বর্ডার আউট পোস্টে (বিওপি) অতিরিক্ত জনবল মোতায়েন, রাতভর মোটরসাইকেল ও এটিভি টহল, নদীপথে হাই-স্পিড বোট টহল এবং মাইকিংয়ের মাধ্যমে স্থানীয়দের সচেতন করা।
এছাড়া বাঁশি, লাইট ও মেগাফোন ব্যবহার করে টহল কার্যক্রম জোরদার করা হচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় ব্যাটালিয়ন সদর দপ্তরে একটি কুইক রেসপন্স ফোর্স (QRF) প্রস্তুত রাখা হয়েছে।
লে. কর্নেল শাহারিয়ার রাজিব বলেন, “কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
১২১ বার পড়া হয়েছে