কিশোরগঞ্জে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ১০:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জ সদর উপজেলায় অটোরিকশা ভাড়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে সদর উপজেলার দানাপাটুলী গ্রামের কিশোরগঞ্জ–নিকলী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েকশত নারী, পুরুষ ও শিশু অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা অভিযোগ করেন, অটোরিকশার ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে পাশের কটিয়াদী উপজেলার রায়খলা গ্রামের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে দানাপাটুলী গ্রামে হামলা চালায়। এ সময় তারা একাধিক বাড়িঘরে ভাঙচুর চালায় এবং আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। হামলায় কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হন বলেও অভিযোগ করা হয়।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রায়খলা গ্রামের কিছু ব্যক্তি দানাপাটুলী গ্রামের মানুষের ওপর হামলা ও হয়রানি চালিয়ে আসছে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন গ্রামবাসী। এতে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বক্তারা।
দানাপাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাসুদ বলেন, “রায়খলা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী বাক্কার ও সুরুজের নেতৃত্বে প্রকাশ্য দিবালোকে এই হামলা চালানো হয়েছে। তারা কয়েকটি পরিবারের বাড়িঘর ভাঙচুর করে মালামাল লুট করেছে।” তিনি ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন বিএনপির সভাপতি রাসেল মাহমুদসহ শতাধিক গ্রামবাসী।
১৪৯ বার পড়া হয়েছে