বান্দরবান হাসপাতালে নির্মাণকাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ১০:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন মো. সাকিব (২০) এবং কামরুল হাসান (৩৫)। তারা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে ওই নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কাজ করার সময় ভবনের পাশে থাকা প্রধান বিদ্যুৎ লাইনের তারের সঙ্গে একটি লোহার অ্যাঙ্গেল স্পর্শ করলে মুহূর্তের মধ্যেই দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী জানান, নির্মাণকাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বান্দরবান সদর হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
১১৯ বার পড়া হয়েছে