পদ্মা এক্সপ্রেসে অসুস্থ বৃদ্ধাকে চলন্ত ট্রেনে চিকিৎসা, প্রশংসিত ৩ চিকিৎসক
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৮:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে অসুস্থ হয়ে পড়া এক বৃদ্ধা যাত্রীকে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করে তুলেছেন তিনজন চিকিৎসক। তাদের দ্রুত ও মানবিক উদ্যোগে চলন্ত ট্রেনেই প্রাথমিক চিকিৎসা পেয়ে স্বস্তি ফিরে পান ওই যাত্রী।
জানা গেছে, খোদেজা বেগম নামে এক বৃদ্ধা উন্নত চিকিৎসার জন্য স্বজনদের সঙ্গে রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিলেন। যাত্রাপথে ট্রেনটি সিরাজগঞ্জ অতিক্রম করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বিবেচনায় ট্রেনের মাইকে ঘোষণা দিয়ে কোনো চিকিৎসক যাত্রী হিসেবে উপস্থিত থাকলে দ্রুত এক্সট্রা-৩ বগিতে যাওয়ার অনুরোধ জানানো হয়।
ঘোষণা শোনার পর ট্রেনের বিভিন্ন বগি থেকে তিনজন চিকিৎসক দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা হলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিমান ইসলাম, ইন্টার্ন চিকিৎসক ডা. সুরাইয়া আহমেদ এবং লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর মেডিকেল অফিসার ডা. মাহমুদ ইকবাল হাফিজ নোমানী।
রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করেন, ডায়াবেটিসের ওষুধ গ্রহণের পর পর্যাপ্ত খাবার না খাওয়ার কারণে তিনি হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত হয়েছেন। এর ফলে তার অতিরিক্ত ঘাম ও শারীরিক দুর্বলতা দেখা দেয়।
পরে চিকিৎসকরা প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও ওষুধ প্রদান করেন। তাদের দ্রুত ও কার্যকর চিকিৎসাসেবায় খোদেজা বেগমের শারীরিক অবস্থার উন্নতি হয় এবং তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন।
চলন্ত ট্রেনে এমন মানবিক চিকিৎসাসেবা দেখে অন্যান্য যাত্রীরাও মুগ্ধ হন। উপস্থিত যাত্রীরা করতালির মাধ্যমে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মানবতার সেবায় তাদের এই উদ্যোগের প্রশংসা করেন।
স্থানীয় যাত্রীদের মতে, জরুরি মুহূর্তে চিকিৎসকদের এমন দায়িত্বশীল ভূমিকা সমাজে মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
১২১ বার পড়া হয়েছে