২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৭:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বাজেট প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সকাল ১০টায় শুরু হওয়া বৈঠকে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, মন্ত্রিসভা নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজেট বিলে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর বিকাল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে মোট বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। পাশাপাশি রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।
দীর্ঘ ১৯ বছর পর বিএনপি নেতৃত্বাধীন সরকার জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। পরিবর্তিত রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে নতুন অর্থবছরের বাজেটকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সংবিধান অনুযায়ী, আগামী ৩০ জুনের মধ্যে বাজেট পাস হওয়ার কথা রয়েছে। এরপর ১ জুলাই থেকে ২০২৬-২৭ অর্থবছর কার্যকর হবে।
১২৫ বার পড়া হয়েছে