কুষ্টিয়ার মিরপুরে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩
বুধবার, ১০ জুন, ২০২৬ ১:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সহকারীসহ আরও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের বাবুগঞ্জ থেকে আম সংগ্রহের উদ্দেশ্যে একটি ট্রাক নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন চালক সজীব ও তাঁর সহকারী জিহাদ (১৫)। পথে মিরপুরের ৯ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে তাদের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই ট্রাকচালক সজীব নিহত হন। এ সময় তাঁর সহকারী জিহাদ এবং অপর ট্রাকের চালক ও সহকারী আহত হন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় ট্রাক দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়।
নিহত সজীবের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
১৫৪ বার পড়া হয়েছে