সরকারি বাঙলা কলেজে প্রথমবারের মতো প্রাক্তন শিক্ষার্থী মিলনমেলা ১০ জুলাই
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ১০:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজ-এর ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাক্তন শিক্ষার্থী মিলনমেলা।
আগামী ১০ জুলাই আয়োজিত এই অনুষ্ঠানে কলেজটির ১৯৬২ থেকে ২০২৬ সাল পর্যন্ত সব ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঐতিহাসিক মিলনমেলার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুল হাসান। পৃষ্ঠপোষকের দায়িত্বে রয়েছেন উপাধ্যক্ষ অধ্যাপক মিটুল চৌধুরী। সার্বিকভাবে কলেজ প্রশাসন আয়োজনটিকে সহযোগিতা করছে।
কলেজ সূত্রে জানা গেছে, বর্তমান অধ্যক্ষ দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রাক্তন শিক্ষার্থীদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। কলেজের উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে একটি শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হয়। এই উদ্যোগে উপাধ্যক্ষ, প্রশাসন এবং প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কার্যকর ইউনিট গঠন করে মিলনমেলার প্রস্তুতি সম্পন্ন করা হয়।
আয়োজকদের মতে, শিক্ষা, সৌহার্দ্য এবং পারস্পরিক যোগাযোগের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা এবং বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। একইসঙ্গে কলেজের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ত করাও এর অন্যতম উদ্দেশ্য।
১০ জুলাইয়ের এই মিলনমেলায় ‘সরকারি বাঙলা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও গঠনতন্ত্রও উপস্থাপন করা হবে বলে জানা গেছে।
আয়োজক কমিটি সকল প্রাক্তন শিক্ষার্থীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। ১৯৬২ থেকে ২০২৬ সাল পর্যন্ত সব ব্যাচের সাবেক শিক্ষার্থীদের নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে (gbcreunion.com) গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
৩৪৩ বার পড়া হয়েছে