পবায় ৯ বছরের শিশুকে হয়রানির অভিযোগ, ভ্যানচালক আটক
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৭:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর পবা উপজেলায় ৯ বছরের এক শিশুকে ভ্যানে করে বাড়ি পৌঁছে দেওয়ার সময় যৌন হয়রানির অভিযোগে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর স্থানীয় জনতার মারধরে অভিযুক্ত ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৮ জুন) দুপুরে পবা উপজেলার নওহাটা এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অফিসের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, মদনহাটি গ্রামের ৯ বছর বয়সী শিশুটি নওহাটা এলাকা থেকে বাড়ি ফেরার জন্য একটি ভ্যানে ওঠে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাড়ি ফেরার পথে ভ্যানচালক শিশুটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেন। বাড়িতে পৌঁছানোর পর শিশুটি বিষয়টি তার বাবা ও স্বজনদের জানায়।
পরে খবর পেয়ে স্থানীয় লোকজন অভিযুক্ত ভ্যানচালককে আটক করে মারধর করেন। এতে তিনি আহত হন।
সংবাদ পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। একই সঙ্গে পুলিশ ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থল পরিদর্শন করে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
১৪৩ বার পড়া হয়েছে