সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় ৯০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মামুনুর রশীদ বাবু, নওগাঁ 
মামুনুর রশীদ বাবু, নওগাঁ 

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ১:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অভিযান চালিয়ে ৯০ কেজি শুকনা গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৮ জুন) ভোররাতে উপজেলার ৬ নম্বর পাড়ইল ইউনিয়নের তুলার বাইল গ্রামের একটি বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন তুলার বাইল গ্রামের বাসিন্দা মো. হামেদুল ইসলাম (৩৫) এবং মো. রশিদ (৪৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ জানতে পারে যে নিয়ামতপুর এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ রাখা হয়েছে। এরপর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান শুরু করে।

পুলিশ জানায়, গত ৬ জুন পাড়ইল ইউনিয়নে ট্রান্সফরমার চুরির একটি ঘটনার তদন্ত চলাকালে সন্দেহভাজন হিসেবে হামেদুল ইসলামকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বক্তব্যে অসঙ্গতি পাওয়া গেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় আরও তদন্ত চালানো হয়। একপর্যায়ে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য দেন বলে দাবি পুলিশের।

এরপর শনিবার রাত ১২টা ৫ মিনিট থেকে রোববার ভোর ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে একটি বসতবাড়ি থেকে বিশেষভাবে প্যাকেটজাত করা ৯০ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে দুইজনকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাক ও মাইক্রোবাসে করে গাঁজা এনে ওই বাড়িতে মজুদ রাখা হতো। বাড়িটির দোতলা মাটির ভবনটি মাদকের গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সেখান থেকে নওগাঁসহ আশপাশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা পর্যায়ে মাদক সরবরাহ করা হতো।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও আরও জোরালো অভিযান পরিচালনা করা হবে।”

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন