বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ‘মৌসুমি ফল উৎসব-২০২৬’ উদযাপন
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি, পুষ্টি সম্পর্কে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মৌসুমি ফল উৎসব-২০২৬’।
সোমবার (৮ জুন) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) বিভাগের উদ্যোগে ক্যাম্পাস প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে দেশের বিভিন্ন মৌসুমি ফলের বর্ণিল ও আকর্ষণীয় প্রদর্শনী উপস্থিত সকলকে মুগ্ধ করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিডিএস বিভাগের শিক্ষার্থী চন্দ্রিমা বড়ুয়া ও মিয়াদ মারজান। আয়োজনে আম, কাঁঠাল, লিচু, আনারস, পেঁপেসহ বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফল সৃজনশীলভাবে উপস্থাপন করা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট সদস্য ডা. অং চালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পরিবার পরিকল্পনা উপপরিচালক ডা. লেনিন তালুকদার, সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং জেএসআই-এর ম্যানেজার ডা. সুমথ ম্রো।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি. এ. এম. ওমর ফারুক, জিডিএস বিভাগের কো-অর্ডিনেটর মুহাম্মদ ওয়াহিদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।
আয়োজকেরা জানান, দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতেও এটি সহায়ক।
দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন মৌসুমি ফলের স্বাদ গ্রহণের পাশাপাশি ফলের পুষ্টিমান ও স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে জানতে পারেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে জিডিএস বিভাগের “Area Studies” কোর্সের আওতায় পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। এতে সেরা উপস্থাপককে ক্রেস্ট প্রদান করা হয় এবং অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ করা হয়।
এছাড়া ‘মৌসুমি ফল উৎসব’ উপলক্ষে জিডিএস ক্লাবের উদ্যোগে ক্যাম্পাসে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। বিভিন্ন প্রজাতির চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য রাখা হয় বলে আয়োজকেরা জানান।
৩২৯ বার পড়া হয়েছে